ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে আজ বুধবার ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ব্যক্তির করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বামী-স্ত্রীসহ এই ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে গত সোমবার আলফাডাঙ্গা পৌর এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৭) মৃত্যু হয়। তাঁর শরীরের নমুনা পরীক্ষা করে জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। আজ দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাবে পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল মোট ৯৭ জন।
ফরিদপুরে নতুন করে যে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক (৪০), ভাঙ্গায় স্বামী (২৮) ও স্ত্রী (২২), ভাঙ্গায় পাঁচ মাস বয়সী এক শিশু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মী (৩২) রয়েছেন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচ মাসের শিশু থেকে শুরু করে ৬৫ বছরের বৃদ্ধও রয়েছেন। এর মধ্যে ২০ বছর বয়সী রয়েছেন ৬ জন। ২১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন ১৮ জন। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন এবং ৬১ বছরের ঊর্ধ্বে রয়েছেন ২ জন। এই নতুন আক্রান্তের মধ্যে আলফাডাঙ্গায় ১২ জন, নগরকান্দায় ৬, বোয়ালমারীতে ৫, ভাঙ্গায় ৩, ফরিদপুর শহরসহ সদরের ৯ জন রয়েছেন।
ফরিদপুরে মোট শনাক্ত ৯৭ জনের মধ্যে বোয়ালমারীতে ২৬ জন, নগরকান্দায় ১৯, ফরিদপুর সদরে ১৯, আলফাডাঙ্গায়, ভাঙ্গায় ৬, সদরপুরে ৪, চরভদ্রাসনে ৩, মধুখালীতে ২ ও সালথায় ১ জন রয়েছেন।
ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিলেন ফরিদপুরের ১২০ ও গোপালগঞ্জের ৬৮ জন। ফলাফল পজিটিভ হয়েছে মোট ৪৪ জনের। এর মধ্যে ফরিদপুরে তিনজন পুরোনো রোগী রয়েছেন। অপর দিকে গোপালগঞ্জে শনাক্ত হয়েছে তিনজনের ও রাজবাড়ীর দুজনের।
ফরিদপুরের আলফাডাঙ্গায় গত সোমবার সকাল আটটার দিকে উপজেলার পৌর সদর বাজারের চৌরাস্তায় ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা (৩৭) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ ফরিদপুর ল্যাব থেকে যে ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তার মধ্যে ওই মৃত ব্যক্তিও রয়েছেন।
ওই মৃত ব্যক্তিকে ধরে আজ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট দুজনের মৃত্যু হলো। মৃত অপরজন হলেন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাসিন্দা এক মুক্তিযোদ্ধা (৮০)। গত সোমবার দুপুর ১২টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। সোমবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত সবার শারীরিক অবস্থা যাচাই করা হচ্ছে। শনাক্তদের বাড়িতে রেখে কিংবা শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের ‘করোনা ডেডিকেটেড হাসপাতালে’ স্থানান্তর করা হবে।