ফরিদপুরে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। এই সময়ে জেলায় অবস্থিত করোনা পরীক্ষার ল্যাবে ৫২৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৯৭ শতাংশ। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ফরিদপুরে ৮, রাজবাড়ীতে ৬, মাদারীপুরে ২ এবং মাগুরায় ১ জন। তাঁদের মধ্যে ৭ জন করোনায় ও ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা শনাক্ত সাতজনের মধ্যে ফরিদপুর ও রাজবাড়ীতে তিনজন করে এবং একজন মাগুরার।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ফরিদপুরের তিনজন হলেন সদর উপজেলার রাজ্জাক (৭৫), আলফাডাঙ্গা উপজেলার রাবেয়া (৫০) ও মধুখালী উপজেলার গোলাম মোস্তফা (৭০)। রাজবাড়ীর তিনজন হলেন বালিয়াকান্দির ওহিদুল ইসলাম (৪৫), পাংশার আক্তার প্রামাণিক (৭০) ও কালী কুমার গোসাই (৭০)। করোনায় মারা গেছেন মাগুরার মোহাম্মদপুরের নান্নু শেখ (৪৫)।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ল্যাবে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করে ১৭ হাজার ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের এ তালিকার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল যুক্ত করা হয়নি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৬৯ জন মারা গেছেন।