ফরিদপুরে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩০। এই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

নতুন ৭৫ জনসহ ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৮৭ জনের। নতুন করে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন করোনায় এবং ২ জনের উপসর্গ ছিল। করোনায় মৃত্যু হওয়া চারজনের মধ্যে দুজন ফরিদপুর ও একজন করে রাজবাড়ী ও গোপালগঞ্জের। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের বাড়িও ফরিদপুরে।

ফরিদপুর পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে সদর উপজেলায় ৩২, আলফাডাঙ্গায় ৪, ভাঙ্গায় ১, বোয়ালমারীতে ৭, নগরকান্দায় ১, মধুখালীতে ৮, সদরপুরে ১৪, চরভদ্রাসনে ৭ ও সালথায় ১ জন।

জেলা সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত ১৯ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এর সঙ্গে র‌্যাপিড অ্যান্টিজেনে শনাক্ত ব্যক্তিদের সংখ্যা যুক্ত করা হয়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৮৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৩৮। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন।