ফরিদপুরে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫৭ দশমিক ৭২ শতাংশ
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭১ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৭ দশমিক ৭২ শতাংশ। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৫ জন করোনায় ও ৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় ফরিদপুর সদরের ইউনুস সিকদার (৬৫), সদরপুরের জমিরণ বেগম (৫০) ও নগরকান্দার হাবিবুর রহমান (৬৫) এবং রাজবাড়ী সদরের খুরশিদা বানু (৭৫) ও গোয়ালন্দের ইমারতের (৬০) মৃত্যু হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে নতুন করে যে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ২, ভাঙ্গায় ১১, বোয়ালমারীতে ২, সদরপুরে ৫, চরভদ্রাসন ৪, মধুখালীতে ৪ ও সদরের ৪৩ জন। এ নিয়ে ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৮২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৭৪ জন। এর মধ্যে করোনা রোগী ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৫৪ জন।