ফরিদপুরে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ সময় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১২ জন। ৯০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৩।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই রোগী হলেন ফরিদপুর সদরের সালাম শেখ (৭৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আরটি–পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, নতুন করোনা শনাক্ত সাতজনের মধ্যে ভাঙ্গায় একজন ও ফরিদপুর সদরের ছয়জন। এ নিয়ে আরটি–পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৯২ জনের।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৭০ জন, এর মধ্যে করোনায় শনাক্ত ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন, এ পর্যন্ত মারা গেছেন ৫১০ জন।