ফরিদপুরে ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২ জনের। ১৯২ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৮৭। হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৩৬ জনের। এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৬ জনের।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুর মোল্লা (৫৫) ও সদরের উত্তর শোভারামপুর এলাকার মালেক শেখ (৫৮)।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী নতুন করোনা শনাক্ত ৩৬ জনের মধ্যে আলফাডাঙ্গার ২ জন, বোয়ালমারীর ২ জন, মধুখালীর ১০ জন, সদরপুরের ৪ জন, চরভদ্রাসনের ১ জন ও ফরিদপুর সদরের ১৭ জন। এ নিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৭৯৫ জনের।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী ১০২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ৭১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০৩ জন।