ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৩০ শতাংশ। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে ফরিদপুরের ৬ জন, রাজবাড়ী ২ এবং মাদারীপুর, গোপালগঞ্জ ও বরিশালের ১ জন করে রয়েছেন। এঁদের মধ্যে পাঁচজন করোনায় ও ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের বোয়ালমারীর মো. সাহাদাত (৭০), সালথার সবিরননেসা (৬০), আলফাডাঙ্গার মনোয়ারা বেগম (৫৫) এবং মাদারীপুর সদরের কোহিনূর বেগম ও গোপালগঞ্জের কাশিয়ানীর মো. আসাদুজ্জামান মোল্লা (৭০)।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের মাধ্যমে ৪২৯ জনের মধ্যে ১৭৫ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ২৫ জনের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ১৭৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় ২ জন, ভাঙ্গায় ৩৬, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৩, মধুখালীতে ৩০, সদরপুরে ১৬, চরভদ্রাসনে ৩, সালথায় ৪ ও ফরিদপুর সদরে ৭৭ জন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৮ হাজার ৪৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩৩৮ জন। এর মধ্যে করোনা রোগী ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫৮ জন ভর্তি হয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত জেলায় করোনায় ৪০৮ জন মারা গেছেন।