ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫৬ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৩৩।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবের মাধ্যমে ২১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫৫ জনের করোনা শনাক্ত হয়। এর বাইরে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ জনের।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, নতুন ৫৫ জন নিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে জেলায় শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ৫৪৯।
এদিকে ফরিদপুরের ওই করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টায় দুজন মারা গেছেন। একজন ফরিদপুরের এবং অপরজন মাদারীপুরের বাসিন্দা। একজন করোনা ‘পজিটিভ’ ছিলেন। অপরজন এই ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, বর্তমানে এখানে চিকিৎসাধীন রোগী ১২৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ৯০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এই হাসপাতালে এ পর্যন্ত করোনা পজিটিভ ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।