ফরিদপুরের সালথা থানার ওসিকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামানকে ঢাকা আর্মড পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। ওই আদেশে তাঁকে ৯ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি আশিকুজ্জামানের বদলির আদেশ গতকাল শুক্রবার রাতে পাওয়া গেছে।

ওসি মো. আশিকুজ্জামান সালথা থানায় ২০২১ সালের ৪ এপ্রিল যোগদান করেন। তাঁর যোগদানের পরদিন ৫ এপ্রিল করোনা বিধিনিষেধের মধ্যে সালথা এলাকায় জরিমানা আদায় নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। ওই ঘটনায় গ্রামবাসী একত্র হয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও বাসভবন, সালথা থানা ও উপজেলা পরিষদ ভবনে তাণ্ডব চালিয়ে আগুন ধরিয়ে দেন। উপজেলা পরিষদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মোট আটটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলার বাদী পুলিশ। মামলাগুলোতে আসামি হিসেবে নাম দেওয়ার হুমকি দিয়ে ওসির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

এর বাইরে গত ২৭ মার্চ জেলার ৬ নম্বর আমলি আদালতে ওসির বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও মারপিটের অভিযোগে একটি মামলা করেন নগরকান্দা গট্টি ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য মুরাদ মোল্লা। ওই মামলায় থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নানকেও আসামি করা হয়। মামলায় বাদী সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান ও এসআই মো. হান্নানের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগ করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। পাশাপাশি ঢাকা রেঞ্জের ডিআইজি ও ফরিদপুরের পুলিশ সুপারকে এ ব্যাপারে বিভাগীয় তদন্তের আদেশ দেন আদালত।

বাদী অভিযোগ করেন, ওসির নির্দেশে এসআই হান্নান তাঁর ভাই জিহাদকে থানায় নির্যাতন করেন। মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। জামিন নিয়ে ২৩ মার্চ জিহাদ মুক্ত হলেও মারধরে অসুস্থ হয়ে পড়েন।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০২১ সালের ১১ নভেম্বর ইউপি নির্বাচনের আগে ওসি আশিকুজ্জামান তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। সে সময় তিনি ওসিকে ৭৫ হাজার টাকা দেন। পরে আরও ১ লাখ টাকা চাইলে তা তিনি দেননি। বাদীর অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে তাঁর নামে তিনটি মিথ্যা মামলা দেওয়া হয়। ১৪ মার্চ মধ্যরাতে তাঁর ভাই জিহাদকে ঘর থেকে তুলে থানায় নিয়ে যান ওসি। পরদিন তিনি থানায় গিয়ে এর কারণ জানতে চাইলে ওসি তাঁকে ২৫ হাজার টাকা দিতে বলেন। না দিলে মিথ্যা মামলা দিয়ে জিহাদকে কারাগারে পাঠানোর হুমকি দেন। তিনি টাকা না দিয়ে বাড়ি চলে আসেন।

বাদী আরও অভিযোগ করেন, ওসির নির্দেশে এসআই হান্নান তাঁর ভাই জিহাদকে থানায় নির্যাতন করেন। মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। জামিন নিয়ে ২৩ মার্চ জিহাদ মুক্ত হলেও মারধরে অসুস্থ হয়ে পড়েন। এমনকি চলাফেরাও করতে পারছিলেন না। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর ভাই চিকিৎসাধীন।

তবে ওসি আশিকুজ্জামান দাবি করেন, তাঁর এ বদলি স্বাভাবিক। শাস্তিমূলক নয়। তিনি নিজে প্রায় চার মাস আগে বদলির জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই এ বদলির আদেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি মামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ওই মামলার তদন্ত চলছে। তার সঙ্গে বদলির কোনো সম্পৃক্ততা নেই।

বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনায় হওয়া মামলার আসামি হিসেবে নাম দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় এবং গট্টি ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মুরাদ মোল্লার ভাই জিহাদকে মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি আশিকুজ্জামান বলেন, এসব অভিযোগ মিথ্যা।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, পুলিশ ইতিমধ্যেই ওসি আশিকুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শুরু করেছে।