ফরিদপুর সদর উপজেলার সব কটি উচ্চবিদ্যালয় দুই দিনের জন্য (গতকাল শনি ও আজ রোববার) বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা কার্যালয়। আগের তিন দিনে দুটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১০৩ জন গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হওয়ায় গত শুক্রবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।
এই নির্দেশনার ফলে মোট বন্ধ রয়েছে ৫৭টি বিদ্যালয়। এর মধ্যে দুটি সরকারি ও ৫৫টি বেসরকারি উচ্চবিদ্যালয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চবিদ্যালয়ের ওই ১০৩ জন শিক্ষার্থী স্কুল চলাকালীন শ্বাসকষ্টে আক্রান্ত হয়। তাদের সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানতে পেরে রোগের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম এস এম শাহীনের নেতৃত্বে এ কমিটির অন্য দুই সদস্য ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফাহিম হাসান ও ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রেজোয়ানা আহমেদ।
কমিটির সদস্যরা আক্রান্ত কয়েকজন শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন এবং স্কুল দুটি পরিদর্শন করেন। কিন্তু রোগের কারণ নির্ণয় করতে পারেননি তাঁরা। গত বৃহস্পতিবার জমা দেওয়া কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্ট হতে পারে, এমন কোনো উপসর্গ ওই শিক্ষার্থীদের শরীরে পাওয়া যায়নি।
এমন পরিপ্রেক্ষিতে বিষয়টি গণমনস্তাত্ত্বিক রোগ ধরে নিয়ে জেলা প্রশাসন ওই ৫৭টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল। তিনি বলেন, আরও পর্যবেক্ষণ ও সতর্কতার জন্যই এই সিদ্ধান্ত। এর আওতায় আজ রোববার পর্যন্ত স্কুলগুলোতে পাঠদান বন্ধ থাকবে।
এ রোগে আক্রান্ত বেশ কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, এটা গণমনস্তাত্ত্বিক রোগ বলে মনে হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে আক্রান্ত হয়েছে। তাদের বেশির ভাগই ছাত্রী। তিনি আরও বলেন, এ রোগের উপসর্গ হচ্ছে, হঠাৎ কোনো একজন শিক্ষার্থীর একটা সমস্যা হয়। তার দেখাদেখি অন্যরাও একই সমস্যায় ভোগে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই শিক্ষার্থীদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কয়েক দিন গেলেই সব স্বাভাবিক হয়ে যেতে পারে।
জানতে চাইলে জেলা প্রশাসক সরদার সরাফত আলী প্রথম আলোকে বলেন, ‘কমিটির প্রতিবেদনে যেহেতু মানসিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, সেহেতু দু-এক দিন স্কুল বন্ধ রাখলেই শিক্ষার্থীরা সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলে আমরা মনে করছি। সেই চিন্তা থেকেই স্কুল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’