গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অকৃতকার্য সবার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০ জুলাই ফলাফল প্রকাশিত হয়। ওই ফলাফলে ৭২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হন। বাকি ২৮ শতাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। এই ফলাফলে তাঁরা অসন্তুষ্ট। ফলাফল অনুযায়ী ২৮ শতাংশ অর্থাৎ, ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়। ফলাফল পুনর্বিবেচনার দাবিতে রোববার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তাঁরা বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা জানান, সশরীর পরীক্ষা দিলেও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয় যেমন, সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে। এটি খুবই হতাশাজনক এবং একই সঙ্গে লজ্জাজনক।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনোভাবেই ফলাফলে সন্তোষ প্রকাশ করতে পারছি না। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং পরীক্ষা খুব ভালো দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের আশানুরূপ ফলাফল তো আসেইনি, বরং সম্মানিত শিক্ষকদের দায়সারাভাবে খাতা মূল্যায়ন করার কারণে আমাদের ফলাফল খারাপ এসেছে।’
গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন কিছু শিক্ষার্থী। এর আগেও তাঁরা একই দাবিতে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্ববিদ্যালয় বরাবর স্মারকলিপি অথবা ফলাফল পুনরায় মূল্যায়নের আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বলেন, সবাইকে আবেদন করতে হবে। আবেদন করার পর সবার খাতা পুনর্মূল্যায়ন করা হবে। অযথা বিশ্ববিদ্যালয়ের সামনে হট্টগোল করলে কোনো লাভ হবে না।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। সুতরাং ফলাফল পরিবর্তনের সুযোগ নেই। শিক্ষার্থীদের আন্দোলন না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।