ফসলি জমি থেকে বালু তুলে খাসজমি ভরাট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বালিয়াদহ বিলের ফসলি জমি থেকে বালু তোলা হচ্ছেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া বালিয়াদহ বিলের ফসলি জমি থেকে বালু তোলা হচ্ছে। ভূমিহীন পরিবারগুলোর অভিযোগ, তাদের জমি থেকে তোলা বালু দিয়ে আরেকটি খাসজমি ভরাট করা হচ্ছে।

বালু উত্তোলন বন্ধে ভূমিহীন পরিবারগুলোর পক্ষ থেকে দরিকান্দি ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মামুন মিয়া ২৪ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। এরপরও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ, কাজিরচর ও সাতদৌনা মৌজার ২৩৮ একর জায়গা কবুলিয়ত দলিলের মাধ্যমে ১৭২ জন ভূমিহীনের মধ্যে হস্তান্তর করা হয়। এসব জমিতে তাঁরা আবাদ করে সংসার চালান। দুই সপ্তাহ ধরে উপজেলার রূপসদী গ্রামের নবী মিয়ার নেতৃত্বে স্থানীয় কয়েকজন বলিয়াদহ বিল থেকে বালু উত্তোলন করছেন। বাধা দিয়েও কাজ হয়নি।

মামুন মিয়া বলেন, এখান থেকে উত্তোলন করা বালু দিয়ে রূপসদী ইউনিয়নের রূপসদী পশ্চিমপাড়ার ২৭ শতক খাসজমি ভরাট করা হচ্ছে বলে জানতে পেরেছেন তাঁরা। সরকারি জমি ভরাট করা হলে তো সে কাজ দরপত্রের মাধ্যমে করার কথা। তাঁদের ফসলি জমি কেন নষ্ট করতে হবে।

বালু উত্তোলনকারী নবী মিয়া বলেন, খননযন্ত্র দিয়ে ১০-১২ দিন ধরে বালু তুলছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কথায় তিনি এ কাজ করছেন। তবে এখন পর্যন্ত তাঁকে এক টাকাও দেওয়া হয়নি বালু তোলার জন্য।

রূপসদী ইউপির চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে না। ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) সামনেই নবী মিয়াকে বালু উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু উত্তোলন করা হচ্ছে। দরপত্র আহ্বানের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাকে ইউএনও ও এসি ল্যান্ড ফোন করে বলেছেন বালু তুলতে।’

ইউএনও সৈয়দা শমসাদ বেগম বলেন, বর্তমানে বন্দোবস্ত পাওয়া জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে না। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু ভরাট করার কাজটি করতে দরপত্র আহ্বান করা হয়েছে কি না, বিষয়ে তিনি বলেন, বালু চেয়ারম্যান তুলছেন। বিষয়টি তাঁকে জিজ্ঞাসা করেন।