ফসলের খেতে পড়ে ছিল গৃহবধূর রক্তাক্ত লাশ
নওগাঁর ধামইরহাট উপজেলায় ফসলের খেতে পড়ে ছিল গৃহবধূর রক্তাক্ত লাশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের মাঝামাঝি একটি খেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া নারীর নাম জান্নাতুন ফেরদৌস (৩৬)। তিনি বীরগ্রাম গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী। তাঁদের দুই সন্তান আছে।
নিহত জান্নাতুনের স্বজনেরা বলেন, গতকাল বুধবার সন্ধ্যার কিছু আগে জান্নাতুন বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। অনেক সময় পরও বাড়িতে না আসায় প্রতিবেশীর বাড়িতে খোঁজ করা হলে তাঁরা জানান, জান্নাতুন তাঁদের বাড়িতে যাননি। পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের মাঝামাঝি ফসলি মাঠে জান্নাতুনের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথায় গভীর ক্ষত আছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।