‘ফাঁকা গুলির’ তথ্য জানতে আসামিদের রিমান্ড চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নে গত সোমবার রাতে হওয়া ‘ফাঁকা গুলির’ বিষয়টি আমলে নিয়েছে পুলিশ। এ বিষয়ে জানতে ঘটনাটিকে কেন্দ্র করে হওয়া মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) করতে চায় তারা।

আজ রোববার ওই পাঁচজনকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে আঙ্গারদাহ গ্রামের মধ্যপাড়ায় জমিতে ইটভাটার জন্য মাটি কাটার খননযন্ত্র আনা হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসনা হেনার ছেলে পলাশ হোসেন যন্ত্রটি আনেন। মাটি আনা-নেওয়ার পথে আবাদি জমি নষ্ট হবে, এমন আশঙ্কায় এলাকাবাসী তাতে বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আঙ্গারদাহ গ্রামের হাফিজার লস্করকে কুপিয়ে জখম করা হয়। হাফিজারের চিৎকার শুনে গ্রামের আরও লোকজন সেখানে জড়ো হন। এমন পরিস্থিতিতে অন্তত ছয়টি ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে গুলির তিনটি খোসা জব্দ করে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন হাফিজার লস্কর। তবে এজাহারে গোলাগুলি বা পলাশ হোসেনের নাম উল্লেখ করা হয়নি।

বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘ফাঁকা গুলি ছোড়া হলেও এজাহারে উল্লেখ নেই’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর নড়েচড়ে বসে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে এসআই আলমগীর হোসেন বলেন, ওই ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে কারাগারে থাকা পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। এজাহারে উল্লেখ করা অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর কেউ সংশ্লিষ্ট কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।