ফাঁদ থেকে মুক্তি পেল ২০টি বক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন বকগুলো উদ্ধার করে
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় শিকারির ফাঁদে আটকে পড়া ২০টি বক উদ্ধার করে খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার চলনবিলের দেবত্তর গ্রামের একটি ধানখেত থেকে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন বকগুলো উদ্ধার করে।

সংগঠনের সদস্যরা জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা দেবত্তর গ্রামের একটি ধানখেতে অভিযান চালিয়ে ২০টি বকসহ দুই শিকারিকে আটক করেন। এ সময় তাঁরা ধানখেতের ভেতরে পাখি শিকারের জন্য দুটি ফাঁদ ধ্বংস করেন। পরে তাঁরা বকসহ ওই দুই শিকারিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসানের কার্যালয়ে নিয়ে যান।

রকিবুল হাসান বলেন, ওই দুই ব্যক্তি ভবিষ্যতে আর পাখি শিকার করবেন না, এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। পরে বকগুলো উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় অবমুক্ত করা হয়েছে। ধানখেতের পানিতে থাকা ছোট ছোট মাছসহ জলজ প্রাণী খাওয়ার জন্য এখন চলনবিলে প্রচুর বক আসছে। এ সুযোগে কিছু লোক ফাঁদ তৈরি করে বক শিকার করছেন। তবে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির তৎপরতায় আজ পাখি শিকার দমন করা সম্ভব হয়েছে।

এ সময় সেখানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি হারুন অর রশিদসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।