ফাঁদে আটকা পড়া মেছো বাঘটি এখন উদ্ধারকেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথপুর থেকে উদ্ধার মেছো বাঘটি এখন জানকীছড়া রেসকিউ সেন্টারে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে উদ্ধার মেছো বাঘটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন জানকীছড়া উদ্ধারকেন্দ্রে রাখা হয়েছে। প্রকৃতিপ্রেমী, স্বেচ্ছাসেবী সংগঠন আর বন বিভাগের সহায়তায় প্রাণীটি তার নিরাপদ আশ্রয় ফিরে পেয়েছে।

বেশ কিছুদিন ধরে মেছো বাঘটি জগন্নাথপুরের আধুয়া গ্রামের বিভিন্ন বাড়ি থেকে হাঁস-মুরগি ধরে নিয়ে যেত বলে অভিযোগ ছিল। অতিষ্ঠ গ্রামবাসী মেছো বাঘটিকে ধরতে লোহার খাঁচায় টোপ দিয়ে ফাঁদ পাতেন। এরপর টোপের লোভে মেছো বাঘটি বিরাট খাঁচায় আটকা পড়ে। গত সোমবার সকালে ওই গ্রামের জালাল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মেছো বাঘটি ধরা পড়ার পর ফেসবুকের মাধ্যমে খবরটি জানতে পারেন স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফের (এসইডব্লিউ) সদস্যরা। এরপর তাঁরা জালাল আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

এসইডব্লিউর অন্যতম প্রতিষ্ঠাতা সোহেল শ্যাম প্রথম আলোকে বলেন, মেছো বাঘটি যেন মেরে ফেলা না হয়, সে জন্য ওই ব্যক্তির সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। পরে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, মেছো বাঘ ধরার খবর তাঁরাও পেয়েছেন। বাঘটি উদ্ধারের জন্য বন বিভাগ প্রযোজনীয় ব্যবস্থা নিচ্ছে।

গতকাল বুধবার রাত নয়টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জ কর্মকর্তা গোলাম সারওয়ারের নেতৃত্বে বন বিভাগের লোকজন প্রাণীটিকে মৌলভীবাজারে নিয়ে আসেন। এ অভিযানে সিলেট বন বিভাগ সহযোগিতা করে।

উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় মেছো বাঘ
ছবি: প্রথম আলো

রেঞ্জ কর্মকর্তা গোলাম সারওয়ার প্রথম আলোকে বলেন, মেছো বাঘটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন জানকীছড়া উদ্ধারকেন্দ্রে রাখা হয়েছে। প্রাণীটি এখন সুস্থ।

দু-এক দিন পর্যবেক্ষণের পরই মেছো বাঘটিকে তার আপন পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, মেছো বাঘটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে না। বরং যেখানে মেছো বাঘের বসবাসের উপযোগী পরিবেশ-প্রতিবেশ আছে, সেখানেই ছেড়ে দেওয়া হবে। ট্র্যাপ ক্যামেরা দিয়ে দেখা গেছে, এর আগে লাউয়াছড়ায় যেসব মেছো বাঘ অবমুক্ত করা হয়েছে, সেগুলো সেখান থেকে হাওরের দিকে চলে যায়। মেছো বাঘ হাওরের কাছাকাছি থাকতে চায়। কারণ, সাধারণত তারা মাছ খেয়ে থাকে। লাউয়াছড়ায় পানি ও মাছ—কোনোটিই নেই।

বন্য প্রাণী গবেষক সূত্রে জানা গেছে, মেছো বাঘ মাঝারি আকারের বিড়ালগোত্রীয় স্তন্যপায়ী বন্য প্রাণী। সারা বিশ্বেই মেছো বাঘ এখন সংকটাপন্ন। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) মেছো বাঘকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।