ফাঁসির মঞ্চ বানিয়ে কৃষকের আত্মহত্যা, প্ররোচনার অভিযোগে মামলা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফাঁসির মঞ্চ বানিয়ে এক কৃষকের আত্মহত্যার ঘটনায় স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। গতকাল বৃহস্পতিবার রাতে ওই কৃষকের ছেলে নালিতাবাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এ মামলা করেন।
নিহত ওই কৃষকের নাম সফি উদ্দিন (৬০)। তাঁর বাড়ি উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামে। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের কৃষক আহাম্মদ আলী ও স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমানকে।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আহাম্মদ আলী চলতি বোরো মৌসুমে আবাদের জন্য কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে একটি সেচ পাম্প স্থাপনের অনুমতি পান। একই গ্রামের সফি উদ্দিনও বিএডিসি কর্তৃপক্ষের কাছে নতুন সেচপাম্প স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেন। অনুমতি পাওয়ার আগেই পার্শ্ববর্তী বাদলাকুড়া গ্রামের ফসলের মাঠে তিনি পাম্পের জন্য খননকাজ শুরু করেন। তবে একই মাঠে দুটি পাম্প স্থাপন নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা। তাঁদের বিরোধ সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান স্থানীয় লোকজনকে নিয়ে একটি সালিস করেন। এতে সিদ্ধান্ত হয়, সফি উদ্দিন আর পাম্প স্থাপন করবেন না। ইতিমধ্যে খননকাজের জন্য তাঁর যে অর্থ ব্যয় হয়েছে, তা বাবদ তাঁকে ২০ হাজার টাকা দেবেন আহাম্মদ আলী।
এরপর পাশের জমিতে পাম্প স্থাপন করতে গেলে আলী আহাম্মদকে বাধা দেন সফি উদ্দিন। সালিসের সিদ্ধান্ত না মানায়, তাঁর নামে ইউপি সদস্য মজিবরের কাছে নালিশ করেন আলী আহাম্মদ। তাঁরা দুজনে তখন সফিউদ্দিনকে সালিসের মাধ্যমে দেওয়া ২০ টাকার ফেরত দিতে বলেন। তিনি রাজি না হওয়ায় নানাভাবে চাপ দেন তাঁরা। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক সফি উদ্দিন মঙ্গলবার রাতে ঘর থেকে বেরিয়ে যান। পরে বুধবার সকালে ফসলের মাঠে একটি ফাঁসির মঞ্চে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।
কৃষক সফি উদ্দিনের এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতেই আহাম্মদ আলী ও মজিবর রহমানকে আসামি করে থানায় মামলা করেন নিহত কৃষকের বড় ছেলে আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘মৃত্যুর আগে বাবা বলে গেছেন তাঁর যদি মৃত্যু হয়, তবে এর জন্য মজিবর মেম্বার ও আহাম্মদ আলী দায়ী থাকবে। আমার বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে নয়াবিল ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান ও কৃষক আহম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ওই কৃষককে আত্মহত্যার প্ররোচনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।