বদরগঞ্জ ও তারাগঞ্জ
‘ফাও’ শর্ষে চাষে লাভ
দু-তিন বছর ধরে সয়াবিন তেলের দাম বাড়তে থাকায় কৃষকেরা শর্ষে চাষে ঝুঁকছেন। অল্প খরচে শর্ষে চাষ করে বেশি লাভ পাওয়া যায়।
কৃষক আজিজুল হক (৬২) হৃদ্রোগে ভুগছেন। চিকিৎসক তাঁকে সয়াবিনের পরিবর্তে শর্ষের তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রথমে তিনি বাজার থেকে ওই তেল কিনতেন। চলতি বছর ৬০ শতক ধানি জমিতে তিনি নিজেই শর্ষে চাষ করেছেন। আশা করছেন, ওই জমি থেকে ৯-১০ মণ শর্ষে পাবেন। এখন তাঁকে আর তেল কিনে খেতে হবে না। উল্টো নিজের চাহিদা মিটিয়ে উৎপাদিত শর্ষে বাজারে বিক্রি করতে পারবেন।
আজিজুল হক বলেন, ‘সইস্যা (শর্ষে) হওচে ফাও ফসল। হেউতা ধান (আমন) কাটার পর ভুঁইয়োত (জমি) ১০০-১১০ দিন খালি পড়ি থাকে। তার পরে ভুঁইয়োত ইরি (বোরো) গাইড়বের (রোপণ) নাগে। আগোত ভুঁই পড়ি আছিল। এবার বুদ্ধি করি সইস্যা নাগাচি। ফাঁকোতে আবাদ হয়া গেল। চার-পাঁচ দিনের মধ্যে সইস্যা তুলমো। ৬০ শতক আবাদ করতে খরচ হইচে ৮ হাজার টাকা। বাজারোত সইস্যার দাম খুব। কাঁচায় এক মণের দাম আড়াই হাজার টাকা। ৯ মণ সইস্যা হইলে তাক বেচেয়া পামো কম করি ২২-২৩ হাজার টাকা। খাঁটি ত্যালও খাবার পাওচি। সামনের বছর আরও বেশি ভুঁইয়োত সইস্যা নাগাইম।’
সয়াবিন তেলের দাম বাড়ায় কৃষকেরা শর্ষের দিকে ঝুঁকছেন। হাইব্রিড জাতের শর্ষে চাষ করে ফলন তিন-চার গুণ বেশি পাওয়া যায়।
আজিজুলের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামে। শুধু আজিজুল নন, বদরগঞ্জের উত্তর বাওচণ্ডি গ্রাম, তারাগঞ্জ উপজেলার অনন্তপুর, মাঝাপাড়া গ্রামসহ আশপাশের এলাকার কৃষকেরা এবার শর্ষের চাষ করেছেন। তাঁরা বলছেন, আমন তোলার পর ধানি জমি কিছুদিন ফাঁকা থাকে। এ সময় শর্ষে চাষ করে তাঁরা কিছু অতিরিক্ত উপার্জন করে নিতে পারছেন।
বদরগঞ্জের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, উন্নত জাতের শর্ষে জমিতে লাগানোর ৮০-৯৫ দিনের মধ্যে তোলা যায়। আমন ধান জমি থেকে ঘরে তোলার পর কৃষকেরা বোরো চাষের অপেক্ষায় থাকতেন। এ সময় ধানি জমি পড়ে থাকে। এখন এর ফাঁকেই অনায়াসে কম খরচে কৃষকেরা শর্ষে চাষ করতে পারছেন। এ কারণে শর্ষেকে ‘ফাও ফসল’ বলা হচ্ছে। শর্ষে চাষ করায় জমি উর্বর থাকে এবং যে রাসায়নিক সার শর্ষে চাষে ব্যবহার করা হয়, তার উপকারিতা দীর্ঘদিন ধরে থাকে। এতে শর্ষের জমিতে কম সার প্রয়োগে বোরো ধানের ফলন ভালো হয়।
কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, বদরগঞ্জ ও তারাগঞ্জে শর্ষে চাষ বেড়ে চলেছে। চলতি বছরে বদরগঞ্জে ২ হাজার ৪৭৫ ও তারাগঞ্জে ৬৭৫ হেক্টর ধানি জমিতে বারি ১৪, ১৭, ১৮ ও বিনা-৯ নামের উন্নত জাতের শর্ষের চাষ হয়েছে। এর আগের ২ অর্থবছরে বদরগঞ্জে ১ হাজার ৯০০ ও ২ হাজার ৫০ এবং তারাগঞ্জে ৪৪৩ ও ৫১৩ হেক্টর জমিতে শর্ষের চাষ হয়।
তারাগঞ্জের কৃষক মীর কাশেম আলী বলেন, কয়েক মাস ধরে দেখছেন, সয়াবিন তেলের দাম দিন দিন বাড়ছে। কিন্তু রান্না তো তেল ছাড়া হবে না। সে জন্য এবার আমন তুলে ৫৩ শতক জমিতে শর্ষে রোপণ করেছেন। আট মণ শর্ষে পেয়েছেন। এ জমিতে আবার কয়েক দিনের মধ্যে ইরি লাগাবেন।
তারাগঞ্জের সয়ার ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের কৃষক জগদীশ চন্দ্র এবার প্রায় দুই একর জমিতে শর্ষের চাষ করেছেন। ইতিমধ্যে ১ একরে পেয়েছেন ১৪ মণ শর্ষে। ২ হাজার ৫০০ টাকা মণ দরে গত সোমবার স্থানীয় বাজারে তা বিক্রিও করেছেন। জগদীশ বলেন, ‘যত দূর মনে পড়ে ১৫-২০ বছর আগে সয়াবিন তেলের নামও আমি শুনিনি। তখন রান্নায় ব্যবহার হতো একমাত্র শর্ষের তেল। এ কারণে তখন জমিতে দেশি জাতের শর্ষের আবাদ হতো। কিন্তু ফলন হতো অনেক কম। কিন্তু দুই-তিন বছর ধরে সয়াবিন তেলের দাম বাড়তে থাকায় কৃষকেরা আবার শর্ষের দিকে ঝুঁকছেন। হাইব্রিড জাতের শর্ষে চাষ করে ফলন তিন-চার গুণ বেশি পাওয়া যায়। অল্প খরচে লাভ বেশি।’
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান ও তারাগঞ্জের কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম বলেন, ১৫-২০ বছর আগে এ এলাকায় ব্যাপক শর্ষে চাষ হতো। আবার সেই শর্ষে চাষে ঝুঁকছেন কৃষকেরা। সয়াবিন তেলের দাম যে হারে বাড়ছে, তাতে শর্ষের বিকল্প নেই। এ ছাড়া শর্ষে চাষে লাভ বেশি, এর তেলও স্বাস্থ্যসম্মত। কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টির গুরুত্ব কৃষকদের বোঝানো হচ্ছে।