টাঙ্গাইলের সাবেক মেয়র সহিদুরসহ ৪ জনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছর পলাতক থাকার পর টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি গত ২ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন
ফাইল ছবি

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খানসহ চার আসামির জামিন আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বে থাকা দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাউদ হাসান এ আদেশ দেন।

আসামি সহিদুর রহমান সাবেক সাংসদ আমানুর রহমান খানের ভাই। জামিন নামঞ্জুর হওয়া অপর তিন আসামি হলেন আনিছুল ইসলাম ওরফে রাজা, মোহাম্মদ আলী ও মোহাম্মদ সমীর।

আরও পড়ুন

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, কারাগারে আটক থাকা ওই চার আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা সোমবার ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। তাঁরা যেকোনো শর্তে আসামিদের জামিন মঞ্জুরের দাবি জানান। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান এবং বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জামিন আবেদনের বিরোধিতা করেন। পরে আদালত চারজনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান গত ২ ডিসেম্বর আত্মসমর্পণের পর আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই চার আসামির মধ্যে সহিদুর রহমান গত ২ ডিসেম্বর আত্মসমর্পণের পর আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আনিছুল ইসলাম ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন ২০১৪ সালের আগস্টে। তাঁদের দুজনের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সাংসদ আমানুর রহমান খান এবং তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। মোহাম্মদ সমীরকে পুলিশ ২০১৫ সালে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ এ মামলায় আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। এ হত্যা মামলার এখন সাক্ষ্য গ্রহণ চলছে।