করোনার কারণে ভর্তি হওয়ার পর কলেজ ক্যাম্পাসে আসা হয়নি খুলনার রফিকুজ্জামানের। আজ সোমবার তাঁর মেডিকেল কলেজের প্রথম বর্ষের প্রথম ক্লাস সশরীর। তিনি সকাল সকাল ক্যাম্পাসে চলে আসেন। সকালে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঘুরছিলেন ঢাকা থেকে আসা ফারহান ইমতিয়াজের সঙ্গে। মাস্ক ও মেডিকেল পোশাক পরা এই দুজনকে জিজ্ঞাসা করতেই বলে উঠলেন, অনলাইনে ক্লাস করেছেন। আজ সশরীর ক্লাসের প্রথম দিন। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা হবে। রফিকুজ্জামান বলে উঠলেন, ‘ফার্স্ট ডে অ্যাট স্কুলের মতো লাগছে আজ।’
আজ সকাল থেকেই রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণ শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। অনেক দিন পর ক্যাম্পাসে এসে অনেকে গল্প জুড়ে দেন। অনেকে গল্পের তালে পড়ে স্বাস্থ্যবিধি মানার কথা ভুলে গেছেন। তবে সবচেয়ে আনন্দের দিন ছিল মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। তাঁরা আজ প্রথমবারের মতো সশরীর ক্লাস করতে এসেছেন। প্রথম দিন তাঁদের কলেজ কর্তৃপক্ষ ফুল দিয়ে বরণ করে নেয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে তাঁদের অনেক অভিভাবককেও দেখা গেছে।
প্রথম বর্ষের শিক্ষার্থী আনুশকা সেনকে নিয়ে বাবা দুলাল সেন ও মা শিউলি সেন গত শনিবার চট্টগ্রাম থেকে রাজশাহীতে এসেছেন। তাঁরা মেডিকেল কলেজের সামনে ছবি তুলছিলেন। ছাত্রীটি বলেন, তাঁর খুব ভালো লাগছে।
প্রথম বর্ষের ক্লাস শেষে নিচে ছবি তুলছিলেন একঝাঁক শিক্ষার্থী। কলেজের প্রথম দিনের প্রতিটি মুহূর্ত যেন তাঁরা মুঠোফোনে ধারণ করছিলেন। তাঁদের ক্লাস শুরুর আগেও তুলেছেন এমন ছবি। তাঁদের একজন বলে উঠলেন, ‘এই সেলফি একদিন কথা বলবে, বন্ধু।’
প্রথম দিনের ক্লাস শেষে বেরিয়ে সাকির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যখন ভর্তি হয়েছিলাম, তখন আমার ক্যাম্পাসটা দেখার সুযোগ হয়নি। প্রথম দিনের ক্যাম্পাস, ক্লাস করলাম। এটা যে কেমন অনুভূতি, বোঝাতে পারব না।’ দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, অনলাইনে ক্লাস করে শেখা যায় না তেমন কিছু। মেডিকেলের বেশির ভাগ কাজই ব্যবহারিক। সে ক্ষেত্রে ক্লাস খুব প্রয়োজন ছিল। তাঁরা আশা করছেন, সামনে করোনা পরিস্থিতি আরও ভালো হবে এবং তাঁদের ক্লাস চলমান থাকবে।
রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজে আজ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও চূড়ান্ত বর্ষের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের দুই ভাগে ভাগ করে ক্লাস নেওয়া হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ২২০ জন করে। তাঁদের দুই ভাগ করে ১১০ জন করে চারটি ক্লাস হয়েছে। আর প্রথম বর্ষের আজ ২২০ জনের মধ্যে শুধু ১১০ জনকে ডাকা হয়েছিল ক্লাসে। প্রথম বর্ষের বাকি শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
কলেজের অধ্যক্ষ নওশাদ আলী প্রথম আলোকে বলেন, তাঁর কলেজের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিয়মিতই হয়েছে। মেডিকেলের ক্লাসের কিছু বিষয় অনলাইনে করা সম্ভব হয় না। তাই সশরীর ক্লাস খুবই জরুরি ছিল। সেটা আজ থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। আর প্রথম বর্ষের তিনজন বাদে সবাই টিকা নিয়েছেন। প্রতিটি ক্লাস হচ্ছে ৪৫ মিনিট করে। এরপর ১৫ মিনিট বিরতি দিয়ে পুনরায় শ্রেণিকক্ষটি স্যানিটাইজ করে আবার ক্লাস শুরু করা হচ্ছে।
রাজশাহীর বেসরকারি মেডিকেল কলেজগুলোতেও ক্লাস শুরু হয়েছে। বেসরকারি বারিন্দ মেডিকেলে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্লাস হয়েছে এখানে। আর চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের চলছে পরীক্ষা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এই কলেজের অধ্যক্ষ মো. দায়েম উদ্দিন জানিয়েছেন, তাঁর কলেজে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ।