ফিলিস্তিনের মতো বাংলাদেশেও নির্যাতন চলছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফিলিস্তিনে যেভাবে অন্যায়, অমানবিকভাবে মানুষ হত্যা করা হচ্ছে, একইভাবে বাংলাদেশেও অন্যায় নির্যাতনের ‘স্টিম রোলার’ চলছে।
গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল লেবার পার্টির এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। রাজধানীর পল্টনের একটি হোটেলে ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়।
ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, গাজায় নিরীহ, অসহায় মানুষ হত্যা করা হচ্ছে। তবু বিশ্ববিবেক জাগ্রত হচ্ছে না। পরাক্রমশালী রাষ্ট্রের নেতারা বলছেন, প্রত্যেকের আত্মরক্ষার অধিকার আছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বাংলাদেশে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার বিরোধীদের ওপর নির্যাতন চালাচ্ছে। একদলীয় শাসন পাকাপোক্ত করতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি হবে ভয়ংকর।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণে বিএনপির হাত থাকতে পারে। বদ্ধ-উন্মাদ, অর্বাচীনেরা রাজনীতিতে এসেছেন, অবান্তর কথা বলছেন।
সভায় অন্যান্যের মধ্যে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ বক্তব্য দেন।