ফুটপাত বন্ধ, চলাচলে কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের পিকচার প্যালেস এলাকায় ফুটপাত দখ​ল করে দোকান বসানোর এ দৃশ্য গত রোববারের l প্রথম আলো
খুলনা নগরের পিকচার প্যালেস এলাকায় ফুটপাত দখ​ল করে দোকান বসানোর এ দৃশ্য গত রোববারের l প্রথম আলো

খুলনা মহানগরে ফুটপাত দখল করে চলছে হরেক রকমের ব্যবসা। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
খুলনা সিটি করপোরেশন থেকে জানা গেছে, নগরে মোট পাকা সড়ক রয়েছে ৩৫০ কিলোমিটার। এ সড়কের ১০ কিলোমিটারে ফুটপাত আছে। বাকি সড়কে ফুটপাত তৈরি করা হয়নি।
নগরের মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং দুর্ঘটনা এড়াতে ফুটপাত তৈরি করা হয়। কিন্তু এই ফুটপাত অবৈধভাবে দখলে রাখায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নগরের ডাকবাংলার মোড় থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় লেগেই থাকে। সড়কের দুই পাশে সড়কের কিছু অংশ ও ফুটপাত দখল করে জামা, টি-শার্টের দোকান বসেছে। হাদিস পার্কের সামনে রীতিমতো ফুটপাতের ওপরে ত্রিপল টানিয়ে বসেছে রকমারি দোকান। তার পাশে বসেছেন দুজন দর্জি। হেলতলা, হুগলি বেকারি সড়কেরও একই অবস্থা।
খানজাহান আলী সড়কের ফুটপাতের ওপর পাইপ, স্যানিটেশন সামগ্রী রেখে ব্যবসা চলছে। ওই প্রতিষ্ঠানগুলোর পর্যাপ্ত জায়গা না থাকায় তা ফুটপাতের ওপর রাখা হয়েছে।
রেলস্টেশন সড়কে ফুটপাতের ওপর শামিয়ানা টানিয়ে চলছে ভাতের দোকান। অপরদিকে সড়কের দুপাশে প্রায় চার ফুট চওড়া ফুটপাতে ব্যবসায়ীদের মালামাল পরিমাপের যন্ত্র, চা-পান-বিড়ির দোকান, হোটেলের চুলা বসিয়ে বেচাকেনা চলছে।
সামসুর রহমান সড়কের ফুটপাতে বসেছে মাছ ও তরিতরকারির দোকান। সকাল থেকে এই দোকানগুলো দুপুর অবধি চলে।
শেরেবাংলা সড়কে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে বালু, ইট ও পাথরের খোয়া মজুত করে রেখেছেন। এই নির্মাণসামগ্রীর ভারে ড্রেন ভেঙে গেছে। অনেক স্থানে খোয়া সড়কের ওপর চলে এসেছে।
ক্লে ফুটপাতসহ সড়কের ওপর জামা-কাপড়ের দোকান বসেছে। এর সঙ্গে রয়েছে স্যান্ডেল, জুতা ও নানা রকম খাবারের দোকান। পিকচার প্যালেস সড়কের পথচারী একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ মান্নান বলেন, ‘খুলনা নগরের ফুটপাত দিয়ে হাঁটার কোনো কায়দা নেই। রাস্তা-ফুটপাত বন্ধ করে ব্যবসায়ীরা অবৈধ ব্যবসার ক্ষেত্র বানিয়েছেন। বাধ্য হয়ে আমাদের ফুটপাত ছেড়ে রাস্তার মাঝ দিয়ে চলতে হচ্ছে।’
খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘সাধারণ মানুষ ফুটপাত ছেড়ে রাস্তায় নামে আর রিকশা, ইজিবাইকের গুঁতা খায়। এ নিয়ে গন্ডগোল সব সময় লেগেই আছে। কিন্তু এ বিষয়ে পুলিশ প্রশাসন ও কেসিসি চুপ।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘এর মূল দায়িত্ব সিটি করপোরেশনের। আমরা বর্তমান ও সাবেক মেয়রের সঙ্গে অনেকবার বিষয়টি নিয়ে বসেছি। কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ আজ পর্যন্ত নিতে দেখিনি। আমরা চাইলেই এ কাজ করতে পারি না।’
মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমরা ফুটপাত দখলমুক্ত করার কয়েকবার উদ্যোগ নিয়েছি। কিন্তু কিছু রাজনৈতিক নেতা পেছনে বসে এটির মদদ দিয়ে যাচ্ছে। তবে আমরা দ্রুত এটি উচ্ছেদ করে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করব।’