ফুটপাতে বসে থাকা ‘টাকাওয়ালা’
জ্যৈষ্ঠের সকালেও খুলনা শহর অনেকটা কুয়াশায় ঢাকা। শহরের আহসান আহমেদ রোডের স্কুলগুলোর সামনে মর্নিং শিফটের শিক্ষার্থীদের আনাগোনা। প্রত্যেক বাচ্চার সঙ্গেই অভিভাবক। গাড়ি, রিকশা, ইজিবাইক আর সাইকেলের হর্নে সাতসকালেই সরব সড়ক। ওই সড়ক ধরে সামনে এগিয়ে বাংলাদেশ ব্যাংক মোড় এলাকা তখনো বেশ খানিকটা নীরব। বাংলাদেশ ব্যাংকের সামনের রতন সেন স্মরণির ফুটপাত ঘেঁষে কিছুদূর পরপর কাঠের ছোট ছোট টেবিল। টেবিলের সঙ্গেই জোড়া লাগানো ছোট বসার বেঞ্চ। বেশির ভাগ টেবিলে কেউ নেই। একটি টেবিলের ওপর কাঁচি, আঠা, টেপ, পাউডারের ছোট কৌটা আর থরে থরে সাজানো পুরোনো ছেঁড়াফাটা টাকা। সেসব ছেঁড়াফাটা টাকাগুলোর ওপর বিশেষ ধরনের টেপ মেরে চলেছেন আলী আসগর।
এদিকে ছেলেকে সাইকেলে চড়িয়ে স্কুলে দিতে আসছিলেন রূপসার সেনের বাজার এলাকার মুদি ব্যবসায়ী সঞ্জয় দাশ। আসগরের টেবিলের সামনে সাইকেল থামিয়ে পকেট থেকে কিছু কাটাছেঁড়া টাকা বের করে দিলেন। ছেঁড়াফাটা টাকাগুলো রেখে সঞ্জয়কে ভালো কিছু নোট দিলেন আসগর। এ বাবদ কিছু টাকাও কেটে রাখলেন। এটাই আসগরের ব্যবসা। নির্দিষ্ট কমিশন নিয়ে মানুষের কাছ থেকে ছেঁড়াফাটা টাকা নিয়ে সচল নোট দেন তিনি।
গতকাল সোমবার সকালে কাজের ফাঁকে কথা বললেন আসগর। জানান, তাঁদের বাড়ি ছিল গোপালগঞ্জের কাশিয়ানি। খুব ছোটবেলায় বাবা মারা যান। তাঁর দুই বছর বয়সে মা পৃথিবী থেকে বিদায় নেন। সামান্য জমিজমা ছিল, তা–ও বিক্রি হয়ে যায়। গ্রামে কৃষিকাজ আর ছোটখাটো ব্যবসা করে কোনোমতে দিন চলছিল। তবে ভাগ্য তাঁকে টেনে আনে খুলনা শহরে। একদিন খুলনায় এক ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। তারপর শহরটা ভালো লেগে যায়। প্রথমে কয়েক দিন শহরে রিকশা চালিয়েছেন, দিনমজুরি করেছেন। এরপর আইসক্রিম বিক্রি করতেন, পরে কলার ব্যবসা। থাকতে শুরু করেন সাহেবের কবরখানা এলাকায়। পরে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়। তিনিই এই ব্যবসার ধারণা দেন।
আসগর বলেন, ‘লেখাপড়া জানিনে। তাই কবে, কত সালে এখানে আসছি, তা ঠিক বলতি পারব না। তবে এই শহরে আইসে মেলা কিছুই করলাম। এই কাজও মেলা বছর ধরে করছি। টাকার কাজ করতি করতি তো বুড়োই হুয়ে গেলাম।’
কথা বলার সময় এক কাপ চা হাতে আসগরের টেবিলের সামনে আসেন এক ব্যক্তি। আসগর পরিচয় করিয়ে দিয়ে বলেন, উনি ছোটবেলা থেকে এই টাকার কাজ করেন।
এই ‘উনি’ হলেন মিজানুর রহমান (৫২)। আলাপে আলাপে মিজানুর জানান, তাঁদের বাড়ি শহরের পশ্চিম টুটপাড়া এলাকায়। তাঁর বাবা এবং নানা ব্যাংকের কর্মচারী ছিলেন। সেই চাকরি ছেড়ে টাকা বিনিময়ের এই ব্যবসা শুরু করেন। সাত বছর বয়স থেকে মিজানুর বাবার কাজে সহায়তা করতে থাকেন। সব মিলিয়ে ৪৫ বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিন সাড়ে সাতটা থেকে আটটার দিকে টেবিলে আসেন তাঁরা। সন্ধ্যার পর দোকান বন্ধ করেন। কোনো দিন ৫০০, কোনো দিন হাজার, আবার কোনো দিন কপাল ভালো থাকলে দুই-তিন হাজারও রোজগার হয়।
ব্যবসাটা কেমন লাগে জানতে চাইলে মিজানুর বলেন, ‘ব্যবসাটা ভালোই লাগে। টাকা নাড়াচাড়া। যা নিয়ে পৃথিবীতে এত ঝামেলা, সংকট, এত কিছু! সেটা নিয়ে নাড়াচাড়া করা খারাপ লাগবে কেন? এই ব্যবসায় খাইয়ে-পইরে ওপরওয়ালা ভালোই রাখছে।’ তিনি বলেন, ‘শুধু এই ব্যাংকে টাকা দেই না। ঢাকায়, বরিশালে টাকা বিক্রি করি। অনেক সময় বাকি দিয়ে আসতে হয়। এক বা দেড় সপ্তাহ পর টাকা পাই। এই ব্যবসায় যত ইনভেস্ট করবেন, তত রিস্ক বেশি, আবার তত বেশি বেনিফিট।’
মিজানুরের মুখের কথা কেড়ে আসগর বলেন, ‘টাকাপয়সা না থাকলিও মানুষ আমাগে টাকাওয়ালা বলে। টাকাওয়ালা ভাই বলে। তবে এখানে এমন কোনো লোক নেই, যার বড় দেনা নেই। আর খুলনার বাইরে অন্য লাইনে যাওয়া রিস্ক থাকে। বয়স শেষ করে দিলাম। তারপরও রোদ, বর্ষায় ছাতির তলায় বইসে থাকা লাগে। মেলা বছর বাড়ি যাই না। বাড়ি যাব, বাড়ি যাব করে যাতিই পারলাম না।’
একটা বড় করে শ্বাস নিয়ে আসগর বলেন, ‘আমার শেষ আশা কী জানেন? বাড়িতে ভিটেটা আছে। একটা ঘর উঠাব। আড্ডা-উড্ডা মারব। গ্রামের পুরোনো বন্ধুবান্ধবদের নিয়ে একটু এক জায়গায় বসে গল্পগুজব করব, চা-টা খাব। ইচ্ছা পূরণ হবে কি না, জানিনে।’
কথা বলার ফাঁকে একে একে টেবিলে অন্য ‘টাকাওয়ালারাও’ আসতে শুরু করেন। এই রোডে ২০ জনের মতো এই ব্যবসা করেন। তাঁদের একজন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামের ফেরদৌস মোল্লা (৪৮)। আগে ঢাকার একটা কোম্পানিতে কাজ করতেন। ২০১৭ সাল থেকে এই ব্যবসা করছেন। একা শহরে একটা বাসা ভাড়া করে থাকেন। তিন মেয়ে আর স্ত্রী থাকে গ্রামে। গত শুক্র আর শনিবার গ্রামেই কাটান ফেরদৌস।
ফেরদৌস বলেন, সাধারণত ১০০ টাকা নিয়ে গ্রাহককে ৮০ টাকা দিতে হয়। তবে ছেঁড়াফাটার ওপর নির্ভর করে কমবেশি হয়, বেশি খারাপ নোট হলে কেটে রাখার পরিমাণটা বাড়ে। আবার প্রতিদিন সিরিয়াল দিয়ে তাঁরা যে নোট হোক, ১০টা করে ছেঁড়া নোট ব্যাংকে জমা দিয়ে নতুন টাকা নিতে পারেন। বাকিগুলো কাছে রেখে পরে জমা দেন। ২, ৫, ১০, ২০ টাকার নোট ১০০ পিসের প্যাকেটে একজনকে দিয়ে দেন। এ জন্য তাঁকে আবার দিতে হয় ১০ টাকা।
ফেরদৌস বলেন, ‘আমরা এখানে ১৫ থেকে ২০ জন আছি। ব্যবসা সব দিন সমান হয় না। রোজগার খারাপ না। যে আমাদের ছেঁড়াফাটা টাকা দেন, তাঁকে তো নগদ দেওয়া লাগে। ব্যাংক তো প্রতিদিন নির্দিষ্ট টাকার বেশি নেবে না। এ জন্য বেশ পুঁজিও লাগে।’