ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের জোড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম মো. জিহাদ (৮)। সে একই গ্রামের মৃত রিয়াজ হোসেন খলিফার ছেলে। দক্ষিণ মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল জিহাদ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছগির হোসেন বলেন, আজ দুপুরে বাড়ির সামনে খোলা জায়গায় অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল জিহাদ। খেলার সময় বলটি মাঠের পাশে চলে যায়। জিহাদ বলটি আনার চেষ্টা করলে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ বিভাগের ছেঁড়া তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এক বছর আগে জিহাদের বাবা রিয়াজ খলিফা ট্রাক দুর্ঘটনায় নিহত হন।
পাটিখালঘাটা ইউপির চেয়ারম্যান শিশির দাস বলেন, বল খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। পাটিখালঘাটা ইউনিয়নের জোড়খালীসহ অনেক এলাকায় দীর্ঘদিন ধরে গাছে গাছে বিদ্যুৎ লাইন থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
কাঁঠালিয়া বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) উপসহকারী প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস বলেন, শিশু জিহাদ পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা গেছে। দুর্ঘটনার সময় (দুপুর ১২টা ৪৫) কাঁঠালিয়ার সাব-স্টেশনের (ওজোপাডিকো) সব লাইন বন্ধ ছিল। সকাল থেকে লাইনে কাজ চলছিল। পল্লী বিদ্যুতের দুটি লাইনের তার মাটির ওপরে পড়ে থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।