ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন ২১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর। ১৩ আগস্ট নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রচার করা হবে।
প্রসঙ্গত, গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হকের গাড়ি গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে এবং গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই চেয়ারম্যান একরামুল হকের বড় ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) নাম উল্লেখ করে ৩০-৩৫ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন।
চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র্যাব এ পর্যন্ত বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদসহ ১৬ জন হত্যার ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার কথা বলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া একজন ছাড়া অন্যরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।