ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর এলাকায় মুহুরী নদীর ভাঙন স্থান ও তার পাশে স্থানীয় লোকজন জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত। শুক্রবার দুপুর ১২টায় তোলা।
ছবি: প্রথম আলো

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যায় ক্ষয়ক্ষতির চিহ্ন রয়ে গেছে। বৃষ্টিপাত একটু কম হওয়ায় এবং উজানের ঢল কমে যাওয়ায় আজ শুক্রবার সকাল থেকে মুহুরী নদী ও কহুয়া নদীর পানি নামতে শুরু করেছে। দুপুর থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

বন্যায় সবজি ও আমনের কিছু বীজতলা পানিতে তলিয়ে যায়। ভেঙে গেছে গ্রামের সড়ক, ভেসে গেছে কিছু পুকুরের মাছ। স্থানীয় বাসিন্দা শফিকুর রহমান ও আবুল হাসেম জানান, টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভাবে প্রতিবছর এই এলাকার মানুষের ভোগান্তিতে পড়তে হয়। তাঁরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় টানা বর্ষণ ও উজানের ঢলে মুহুরী নদী ও কহুয়া নদীর তিনটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এতে দুই উপজেলার ৯টি গ্রাম প্লাবিত হয়। গ্রামগুলো হলো ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, ঘনিয়া মোড়া, পূর্ব ঘনিয়া মোড়া, কিসমত ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর, বৈরাগপুর ও জগৎপুর এবং পরশুরাম উপজেলার সাতকুচিয়া ও চিথলিয়া। বন্যায় প্রায় ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তবে আজ প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে এরই মধ্যে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এর আগে জুন মাসের প্রথম দিকে ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়।

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, আজ শুক্রবার সকাল থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে বৃষ্টি না হওয়ায় ও উজানের ঢলের চাপ না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করা শুরু হয়েছে। ভেঙে যাওয়া বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন