ফুলগাজীতে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজী উপজেলায় গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আবদুল কাদের জাকারিয়া। তিনি উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আবদুল কাদের আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে আবদুল কাদেরের সঙ্গে ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া এলাকার আয়েশা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের সংসারে কলহ ছিল। ২০১২ সালের ৫ জানুয়ারি মুক্তা মারা গেছেন বলে আবদুল কাদের তাঁর শ্বশুরবাড়িতে খবরে দেন। তবে মুক্তার মৃত্যু নিয়ে তাঁর পরিবারের সন্দেহ হলে মুক্তার মা ফিরোজা বেগম বাদী হয়ে ফুলগাজী থানায় অপমৃত্যু মামলা করেন। পরে মুক্তার লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, মুক্তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। এ ঘটনায় জাকারিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।

এর পর ২০১২ সালের ২ জুন আবদুল কাদেরকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক আবুল মনজুর আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৯ অক্টোবর অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় আটজনের সাক্ষ্য নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক বলেন, রায় ঘোষণার সময় আবদুল কাদের আদালতে উপস্থিত ছিলেন। রায়ে আদালত আসামিকে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।