ফুলগাজীতে জাসদের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় নৌকার সমর্থকদের বাধা
ফেনীর ফুলগাজীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাসদের (ইনু-শিরিন) চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও প্রচারণায় বাধা, হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর দরবারপুর ইউনিয়নের পূর্ব দরবার গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মজুমদার ও তাঁর কর্মী–সমর্থকেরা এ হামলা করেন বলে অভিযোগ করেন দুলাল চন্দ্র বৈদ্য।
দরবারপুর ইউপি নির্বাচনের ভোট দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী মাত্র দুজন। এর মধ্যে একজন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন মজুমদার ও অপরজন জাসদের সমর্থিত মশাল প্রতীকের প্রার্থী দুলাল চন্দ্র বৈদ্য।
দুলাল চন্দ্র বৈদ্য বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজ নির্বাচনী ইউনিয়নের পূর্ব দরবার গ্রামে গণসংযোগ ও প্রচারণা করতে যান। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মীরাও ছিলেন। অটোরিকশা থেকে নামার পর গণসংযোগ শুরুর একপর্যায়ে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন মজুমদারের সমর্থক ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা সেখানে এসে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন। তাঁরা মশাল প্রতীকের কর্মীদের গালমন্দ ও শারীরিকভাবে লাঞ্ছিত, গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় মশালের প্রার্থী দুলাল চন্দ্র বৈদ্য ও তাঁর সমর্থকেরা আশপাশের বাড়িঘরে আশ্রয় দেন। এভাবে দীর্ঘক্ষণ তাঁরা গ্রামের বিভিন্ন বাড়িঘরে অবরুদ্ধ ছিলেন।
দুলাল চন্দ্র বৈদ্য বলেন, গ্রামের একটি বাড়িতে অবরুদ্ধ অবস্থায় থেকে তিনি ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে ঘটনাটি অবহিত করেন ও সহযোগিতা চান। খবর পেয়ে ফুলগাজী থানা-পুলিশ দ্রুত ওই এলাকায় পৌঁছালে প্রার্থী দুলাল বৈদ্য ও তাঁর কর্মী-সমর্থকেরা বিভিন্ন বাড়িঘর থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা পুলিশের সহযোগিতায় এলাকা ত্যাগ করেন।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মজুমদার ও তাঁর কর্মী–সমর্থকেরা এ হামলা করেন বলে অভিযোগ করেন জাসদের প্রার্থী দুলাল চন্দ্র বৈদ্য।
দুলাল চন্দ্র বৈদ্য অভিযোগ করেন, কয়েক দিন আগেও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নিজাম মজুমদার এলাকায় পথসভার নামে সমাবেশ করে প্রকাশ্যে তাঁদের নানা ধরনের হুমকিধমকি দেন। আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। মানুষের ভোটাধিকার হরণের চেষ্টা করছেন।
এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান দুলাল চন্দ্র বৈদ্য। তিনি অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন মজুমদার বলেন, এলাকায় জাসদের কোনো জনসমর্থন নেই। নিশ্চিত পরাজয় জেনেই তিনি (দুলাল চন্দ্র বৈদ্য) এসব কথা বলতে শুরু করেছেন।
ফুলগাজী থানার ওসি মো. মাঈন উদ্দিন বলেন, ফোনে অভিযোগ পেয়ে দ্রুত পুলিশ পাঠান তিনি। তবে পুলিশ সেখানে হামলা বা গণসংযোগে বাধাদানকারী কাউকে দেখতে পায়নি। এ বিষয়ে বিকেল পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্তক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।