ফুলগাজীতে মাইক্রোবাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজীতে একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১টার দিকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত গ্রাম পুলিশের নাম মো. নুর নবী (৬০)। তিনি ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের একজন গ্রাম পুলিশ ও একই ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নুর নবী আজ সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে দরবারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তিনি ফেনী-পরশুরাম সড়কের পুরাতন মুন্সিরহাট বাজারের উত্তর পাশে পৌঁছান। এ সময় পরশুরাম থেকে ফেনীমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাঁকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেলসহ সড়কের বাইরে ছিটকে পড়েন। অজ্ঞাত মাইক্রোবাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে মারাত্মক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বেলা একটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার বলেন, গ্রাম পুলিশ মো. নুর নবী একজন ভালো মানুষ ছিলেন। তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতেন।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা বলেন, দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ মাঈন উদ্দীন সড়ক দুর্ঘটনায় একজন গ্রাম পুলিশ নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।