ফুলছড়ি উপজেলা আ.লীগের সভাপতি সেলিম, সম্পাদক ফারজানা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জি এম সেলিম পারভেজ সভাপতি এবং ফারজানা রাব্বী বুবলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে আতাউর রহমান, অশ্বিনী কুমার বর্মন ও নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া নির্বাচিত হয়েছেন। তাঁদের নিয়ে সাত সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধা সার্কিট হাউসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এই কমিটি ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি জি এম সেলিম পারভেজ ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে।
সোমবার দুপুরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমি উচ্চবিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সামস-উল আলম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
ওই দিন বিকেল চারটায় প্রথম অধিবেশন শেষে গাইবান্ধা সার্কিট হাউস থেকে কমিটি ঘোষণা করা হবে জানিয়ে সভাস্থান ত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা।