ফুলছড়িতে নদীতীর সংরক্ষণকাজে ‘অনিয়মের’ প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীর তীর সংরক্ষণকাজে অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নদীভাঙন প্রতিরোধে সুষ্ঠুভাবে দ্রুত কাজ শেষ করার দাবিতে বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার মধ্যেও শত শত মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এতে অংশ নেন। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গজারিয়া এলাকায় যমুনা নদীর তীরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের আওতায় গজারিয়া এলাকার গণকবর থেকে বরমতাইড় মসজিদ পর্যন্ত ৭০০ মিটার নদীতীর সংরক্ষণকাজে ব্যাপক কারচুপি ও অনিয়ম-দুর্নীতি চলছে। উপরন্তু গত দুই বছরে মাত্র ২০০ মিটারের কাজ হয়েছে। অথচ আগামী ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা।
বক্তারা বলেন, কাজের ধীরগতির কারণে যমুনা নদীর ভাঙনের মুখে পড়েছে গণকবর, সরকারি কলেজ, সিনিয়র আলিম মাদরাসা, হাফেজিয়া মাদরাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা ও দরিদ্র জনগোষ্ঠীর বাড়িঘর। বক্তারা গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প কাজে নিয়োজিত ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তদন্ত দাবি করেন।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম, ব্যবসায়ী মকবুল হোসেন প্রমুখ।
জানতে চাইলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, সময়মতে অর্থ বরাদ্দের অভাবে কাজ বিলম্ব হচ্ছে।