ফুলছড়িতে শিক্ষিকার গোসলের দৃশ্য ভিডিও করার অভিযোগে যুবক গ্রেপ্তার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক স্কুলশিক্ষিকার গোসলের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই যুবকের নাম সাজু শেখ (৩৮)। তিনি ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে সাজু শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল ওই স্কুলশিক্ষিকা নিজ বাড়ির গোসলখানায় গোসল করছিলেন। এ সময় সাজু শেখ ও অজ্ঞাত দুই থেকে তিনজন যুবক তাঁদের মুঠোফোনে গোপনে গোসলের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ওই শিক্ষিকা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে ততক্ষণে ভিডিও ধারণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে সাজু শেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত সাজুকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী জানান, এ ঘটনায় থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আজ দুপুরে গ্রেপ্তার সাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।