ফুলছড়ির ইউএনওর করোনা শনাক্ত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষায় রোববার রাতে তাঁর কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, জ্বরসহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করা, লকডাউন কার্যকর, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সরাসরি তদারকি করেছেন ইউএনও আবু রায়হান। কয়েক দিন আগে তাঁর জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দেয়। ইউএনওর সংস্পর্শে আসা তাঁর স্ত্রী ফারজানা ইয়াসমিনের শরীরেও করোনার উপসর্গ দেখা দিয়েছে। শিগগিরই তাঁরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।