ফুলপ্যান্ট ও কালো টি-শার্ট পরা যুবকের লাশ ভাসছিল পদ্মায়
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ফুলপ্যান্ট ও কালো রঙের টি-শার্ট ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রামকৃষ্ণপুর গ্রামে পদ্মা নদীর তীরে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি তাঁরা পুলিশকে জানান।
খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান বলেন, ওই যুবককে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।