ফুলবাড়িয়া উপজেলা সদরের প্রধান সড়ক বেহাল, ভোগান্তি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের প্রধান সড়কটি খানাখন্দে ভরে গেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় তৈরি হচ্ছে যানজটও। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন এ সড়কের খানাখন্দ ও যানজটে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে উপজেলাবাসী।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সদরের প্রধান সড়কটির কলেজ রোড থেকে ভালুকজান বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশ কয়েক বছর ধরেই বেহাল। ওই সড়কের ওপর উপজেলা পরিষদ ও ফুলবাড়িয়া থানা অবস্থিত। এ গুরুত্বপূর্ণ সড়কে বর্ষাকালে পানি জমে থাকে। আর গর্ত ও কাদার কারণে সারা বছরই লেগে থাকে যানজট।
সরেজমিনে গতকাল শনিবার দুপুরে দেখা যায়, উপজেলা পরিষদ ও থানার সামনের সড়কে বড় বড় গর্তে পানি জমে আছে। উপজেলা সদরের দুই কিলোমিটার অংশের মধ্যে ভালুকজান এলাকায় সবচেয়ে বেশি খানাখন্দ। ভালুকজান এলাকার প্রায় ৫০০ মিটার অংশ চরম বেহাল। ওই অংশ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলে হেলেদুলে।
ভালুকজান বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, সড়কের গর্তের কারণে মানুষের চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ইজিবাইক উল্টে গিয়ে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ওই সড়ক দিয়ে ভ্যানে করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে চলাচল করতে দেখা যায়। শিক্ষার্থীরা বলে, ভ্যানে করে ভালুকজান বাজার অংশ পার হওয়ার সময় ভয় করে। অনেক সময় সড়কে জমে থাকা নোংরা পানি ও কাদা জামায় লেগে যায়।
ভালুকজান বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, প্রায়ই সওজের লোকজন ইটের খোয়া ফেলে গর্তগুলো ভরাট করে। তবে সপ্তাহ যেতে না যেতেই আবারও বেহাল হয়ে পড়ে সড়ক।
সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘বেহাল অংশটি ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের অংশ। আমরা আগামী অক্টোবর পর্যন্ত ওই সড়কের বেহাল অংশগুলো ঢালাই করে সংস্কার করব বলে পরিকল্পনা করেছি।’