ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশিকে ছুরিকাঘাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ এবং এক বাংলাদেশিকে ছুরিকাঘাত করার অভিযোগে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার গংগাহাট আজোয়াটারি সীমান্ত থেকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আটক যুবকের নাম আনারুল শেখ (২১)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। লালমনিরহাট-১৫ বিজিবির অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার আশরাফ আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

বিজিবি ও পুলিশ জানায়, গতকাল রাতে আনারুল ধারালো চাকুসহ বাংলাদেশ সীমান্তে ঢুকে চিৎকার করে বাংলাদেশিকে গালি দিচ্ছিলেন। বিজিবি ও পুলিশের দাবি, ওই সময় ওই যুবক মদ্যপ ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন ওই যুবককে শান্ত করতে গেলে ওই যুবক হরেকৃষ্ণ চন্দ্র রায় নামের স্থানীয় এক যুবককে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় আরও কয়েকজন ছুটে এসে ভারতীয় যুবককে আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ওই যুবককে আটক করে ফুলবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় বলেন, আজ সকালে বিজিবি বাদী হয়ে ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশ ও বাংলাদেশি যুবককে কুপিয়ে আহত করার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।