ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিকআপচালক ও সহকারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক ‍দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের ফকিরপাড়া এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন হলেন পিকআপ ভ্যানচালক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩০) ও চালকের সহকারী শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের এনামুল হকের ছেলে মো. মামুন (২৮)। এ ঘটনায় আহত ব্যক্তিরা দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান(৩৫), পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে তসকিব (৪০) এবং একই এলাকার মধ্যপাড়া শুকুরডাঙ্গা গ্রামের আদম আলী (৪৫)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে বরই নিয়ে দিনাজপুর শহরে এসেছিল পিকআপ ভ্যানটি। দিনাজপুরে মাল নামিয়ে দিয়ে আজ শুক্রবার ভোরে পিকআপ ভ্যানটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ফুলবাড়ী উপজেলার ফকিরপাড়া এলাকায় পিকআপটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কোনো এক যানের সঙ্গে এটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক খায়রুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন চালকের সহকারী ও অন্য ব্যক্তিদের উদ্ধার করে ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারী মো. মামুনকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বলেন, ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। রাস্তাঘাটে মানুষ ও যানবাহন কম। সকালে পিকআপটির সঙ্গে কোনো একটি ভারী যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। স্থানীয় ব্যক্তিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে চালকের সহকারীর মৃত্যু হয়। ইতিমধ্যে নিহত ব্যক্তিদের স্বজনেরা এসেছেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি  ইউডি মামলা করা হয়েছে।