ফেঞ্চুগঞ্জে রেললাইনের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি রেললাইনের পাশ থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর দুইটার দিকে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের মোমিনছড়া বাগানসংলগ্ন রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম নয়ন দেবনাথ (১৮)। তিনি কুমিল্লার দৌলতপুর গ্রামের এলাকার দিলীপ চন্দ্র দেবনাথের ছেলে। নয়ন ফেঞ্চুগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।

নিহত নয়ন দেবনাথের বাবা দিলীপ চন্দ্র দেবনাথ গতকাল শনিবার বিকেলে সিলেট রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাসহ সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নয়ন ফেঞ্চুগঞ্জ বাজারের উপমা ফ্যাশন হাউসে কাজ করতেন। দোকানেই ঘুমাতেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ফ্যাশন হাউসের মালিক দুর্জয় দেবনাথ ভৌমিক নয়ন দেবনাথের মাকে মুঠোফোনে ছেলের অস্বাভাবিক চলাফেরার কথা জানান। রাত সাড়ে ১০টার পর থেকে নয়নের মুঠোফোন নম্বর বন্ধ পান পরিবারের সদস্যরা। পরে শুক্রবার দুপুরে আবার ফোন করা হলে মুঠোফোনটি রেলওয়ে থানা পুলিশের কাছে পাওয়া যায়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত নয়নের মাথা ও বাম হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এ দুটি অঙ্গ খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া শরীরের অন্যান্য অংশেও ধারালো অস্ত্রের জখম ছিল।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্টেশনের প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে নয়ন দেবনাথের লাশ উদ্ধার করা হয়। আমাদের ধারণা নয়নকে পরিকল্পিতভাবে হত্যার পর দুর্ঘটনা সাজাতে রেললাইনের পাশে লাশ ফেলে রাখা হয়েছিল।’ তিনি বলেন, নয়ন দেবনাথের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সিলেট রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম মামলার তদারকি করছেন। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।