ফেনসিডিল বহনের দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এ অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আজ বুধবার দুপুরে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আরিফুর রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপসী বাগবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিন ভূঁইয়ার ছেলে। পলাতক আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ আগস্ট রাত দেড়টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীর কালনা ঘাটে টহল দিচ্ছিল থানা-পুলিশ। ঘাটে একটি ব্যক্তিগত গাড়ি দেখে টহলরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পুলিশ এগিয়ে গেলে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান একজন। এ সময় গাড়িতে থাকা আরিফুর রহমানকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিল ও ৩টি পানির বোতলভর্তি ফেনসিডিল পাওয়া যায়। পরদিন তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা করে পুলিশ।

নড়াইল আদালত পুলিশের পরিদর্শক রোকসানা খাতুন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আরিফুর রহমান ভূঁইয়া পলাতক। তিনি স্বেচ্ছায় হাজির হলে বা গ্রেপ্তার হলে তখন থেকে সাজার মেয়াদ শুরু হবে। তবে আগের হাজতবাসের সময় আরোপিত সাজা থেকে বাদ যাবে বলে জানান তিনি।