ফেনী আইনজীবী সমিতির ১০ পদে বিএনপি-জামায়াত, ৪ পদে আ.লীগ জয়ী
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতসমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদের’ প্রার্থীরা সভাপতিসহ ১০টি পদে জয়লাভ করেছেন। আওয়ামী লীগ ও বামপন্থীদের সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের’ প্রার্থীরা সাধারণ সম্পাদক পদসহ ৪টি পদে এবং কার্যকরী সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
গতকাল শনিবার ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যায় ভোট গণনা শুরু হয় এবং রাত ১১টায় নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সভাপতি নুর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ভূঁঞা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বিএনপি-জামায়াতসমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ থেকে সভাপতি পদে মো. নূরুল ইসলাম (৩) এবং আওয়ামী লীগ ও বামপন্থীদের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ থেকে সাধারণ সম্পাদক পদে মোহা. গিয়াস উদ্দিন বিজয়ী হয়েছেন।
সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে অন্য যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন সহসভাপতি মোহা. জুলফিকার, যুগ্ম সম্পাদক পদে মো. মঈনুল হোসেন মজনু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম তুহিন, অর্থ সম্পাদক পদে নুরুল আনোয়ার ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্যাহ ভূঁইয়া, কার্যকরী সদস্য পদে মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার, প্রিন্স মাহমুদ চৌধুরী, ইয়াছিন আরাফাত তারেক, মহিব উল্লাহ খান।
অন্যদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি পদে মো. গোলাম মহিউদ্দীন, অডিটর পদে মো. আলাউদ্দিন ভূঁইয়া ও কার্যকরী সদস্য পদে নাছের উদ্দিন মিয়াজী। এ ছাড়া কার্যকরী সদস্য পদে আইনজীবী অধিকার ফোরাম থেকে শাহ মোহাম্মদ কায়কোবাদ সাগর জয়ী হয়েছেন।