ফেনীতে আগুনে পুড়ে গেছে ছয়টি গুদামের মালামাল
ফেনীতে শহরের বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি গুদাম পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় শহরের বড় বাজারের সওদাগর টাওয়ারের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। ফেনী ও ফুলগাজীর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের বড় বাজারের সওদাগর টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত আইমান ফোম অ্যান্ড পর্দা গ্যালারির কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্পক্ষণের মধ্যে ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ফুলগাজী থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। কিন্তু বাজারের আশপাশে কোনো পুকুর বা পানির রিজার্ভার না থাকায় তাদের বেশ বেগ পেতে হয়। ছোট ছোট রিজার্ভারের পানি দিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে ভবনের চতুর্থ তলায় থাকা তিনটি গুদাম সম্পূর্ণ ও তিনটি আংশিক পুড়ে যায়।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, আইমান ফোম নামের একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সেটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, পুড়ে যাওয়া গুদামগুলোয় শোফার ফোম, পর্দার কাপড়, শাড়ি, স্কুলব্যাগ ও জুতা রাখা ছিল। এতে ব্যবসায়ীরা ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এ বিষয়ে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করা হবে।
অগ্নিকাণ্ডের খবর শুনে রাতেই ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও শহর ব্যবসায়ী সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।