ফেনীতে আরও ১০৭ জন আক্রান্ত, করোনা শনাক্তের হার সর্বোচ্চ ৫৪ শতাংশ
ফেনীতে আজ সোমবার আরও ১০৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ৫৪ দশমিক ৮৭ শতাংশ। জেলায় করোনা সংক্রমণের পর থেকে এটিই শনাক্তের সর্বোচ্চ হার বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
আজ সোমবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১০৭ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় ৬১ জন, দাগনভূঞায় উপজেলায় ৪, সোনাগাজী উপজেলায় ১, ছাগলনাইয়া উপজেলায় ১৯, পরশুরাম উপজেলায় ১৭ ও ফুলগাজী উপজেলায় ৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল রোববার ২১৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ছিল ৪৪ দশমিক ৭৪। গত শুক্রবার ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৭৩। এক সপ্তাহ আগে (গত সোমবার) জেলায় ৩০৮ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১০৯ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৩৮।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪ হাজার ৭৮৫ দাঁড়িয়েছে। ২৫ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। পরীক্ষার তুলনায় শনাক্ত ১৮ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত ৭৭ জন মারা গেছেন। আক্রান্তের তুলনায় মৃত্যুহার ১ দশমিক ৬১।
ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন জানান, কোভিড পজিটিভ হয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৭ জন, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও শহরের একটি বেসরকারি হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।