ফেনীতে আরও ১৪ জনের করোনা শনাক্ত

ফেনীতে নতুন করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫২। মোট সুস্থ হয়েছেন ৫০১ জন। এর মধ্যে ১৭ জন মারা গেছেন।
ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা আজ বুধবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, কোভিডে আক্রান্ত ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেনসহ ১৮ জনকে চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে। আক্রান্ত ১২ জন এখন ফেনী জেনারেল হাসপাতাল ও দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং বাকিরা স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ৪ জন, সোনাগাজী উপজেলার ৭ জন ও ছাগলনাইয়া উপজেলায় ৩ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক আক্রান্ত হন।
গত আড়াই মাসে জেলায় ৫ হাজার ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ পর্যন্ত ৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।