ফেনীতে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এই সময়ে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৫। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও করোনার উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। চলতি মাসের ১৮ দিনে করোনায় ২৩ জন ও করোনার উপসর্গ নিয়ে ৯০ জন মারা গেছেন। অর্থাৎ করোনার চেয়ে করোনার উপসর্গ নিয়ে চার গুণ বেশি রোগী মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন হলেন ফেনীর ফুলগাজী উপজেলার বসিকপুর গ্রামের সিরাজুল হক (৭৫), পরশুরামের আশ্রাফপুরের ছকিনা খাতুন (৫০) ও ফেনী সদর উপজেলার আফতাব বিবি এলাকার সনিয়া আক্তার (২৫)। তাঁরা ফেনী জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মোট ১২২ জনের মৃত্যু হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনায় এবং ৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটে ১২৪ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনা রোগী ৩০ জন। তাঁদের মধ্যে আবার ১০২ জনকে অক্সিজেন সেবা দিতে হচ্ছে। ৩০ শয্যার জনবল নিয়ে চিকিৎসক, সেবিকাসহ সবাইকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও সবাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটি–পিসিআর ল্যাবে, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৪০৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৩১ জন, দাগনভূঞায় ১৩, ছাগলনাইয়ায় ২৩, পরশুরাম ২১, সোনাগাজীতে ৬ ও ফুলগাজীতে ৩ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত ফেনী জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৯৩ জন। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৭ হাজার ৭৮০ জন।