ফেনীতে করোনা শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়াল

ফেনীতে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১৪। এর মধ্যে মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ১১৯ জন।
ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ৩ জন, ফুলগাজী উপজেলার একজন স্বাস্থ্যকর্মী ও একই পরিবারের ৫ জনসহ ৯ জন, পরশুরাম উপজেলার ৪ জন ও সোনাগাজী উপজেলার একজন চিকিৎসকসহ ৩ জন আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলায় প্রথম এক যুবকের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি মুঠোফোনের দোকানে চাকরি করতেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলার তিন উপজেলার ৮টি এলাকায় গত বৃহস্পতিবার থেকে লকডাউন দেওয়া হয়েছে। ঈদের সময় বিভিন্ন জেলা থেকে অনেক লোক বাড়ি এসে অবাধে চলাফেরা করেছেন। এতে সংক্রমণ বেড়েছে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কাজ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।