ফেনীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাবেয়া আক্তার (৩৭)। তিনি ছাগলনাইয়ার পূর্ব দেবপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

ছাগলনাইয়া থানা–পুলিশ গতকাল সোমবার রাতে ওই গৃহবধূর ঘর থেকে লাশটি উদ্ধার করেন। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল রাতেই পুলিশ ওই গৃহবধূর স্বামী মোহাম্মদ আলীকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গৃহবধুর স্বামী মোহাম্মদ আলী টাইলসমিস্ত্রির কাজ করেন। গতকাল সকালে তিনি স্ত্রী রাবেয়া আক্তারকে ঘরে একা রেখে কাজে যান। ছেলেমেয়েরা নানাবাড়ি ছিল।

মোহাম্মদ আলীর দাবি, গৃহবধূ একাই ঘরে ছিলেন। গতকাল সন্ধ্যায় কাজ শেষে তিনি বাড়ি ফিরে ঘরের মধ্যে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, গত রোববার রাতে রাবেয়া ও মোহাম্মদ আলীর মধ্যে ঝগড়ার শব্দ শুনেছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন আহমেদ গৃহবধূর লাশ উদ্ধার এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।