ফেনীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ২৯ জন শনাক্ত

ফেনীতে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী, দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। জেলায় করোনায় এ পর্যন্ত ১০ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৫ জনে।
জেলায় করোনায় এ পর্যন্ত ১০ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১২ জন। বর্তমানে করোনায় সংক্রমিত ১১ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এবং অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন রুবায়েত বিন করিম আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে ফেনী সদর উপজেলার চিকিৎসকসহ ৫ জন (ওই চিকিৎসক ফেনী ডায়াবেটিক হাসপাতালে কর্মরত), ফুলগাজী উপজেলায় পুলিশের দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই), একজন স্বাস্থ্যকর্মীসহ ১১ জন, দাগনভূঁঞায় উপজেলার একই পরিবারের ৬ জনসহ ১২ জন ও সোনাগাজী উপজেলায় একজন রয়েছেন।
জেলায় ৪৯৫ জন করোনায় সংক্রমিতের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৭৫ জন, দাগনভূঁঞায় ১১৯ জন, ছাগলনাইয়ায় ৬৩ জন, সোনাগাজীতে ৮৬ জন করে, পরশুরাম ২৪ ও ফুলগাজীতে ২০ জন করে। পাশের চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত দুই মাসে জেলায় ৩ হাজার ৬২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষারগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার পর্যন্ত ২ হাজার ৭৭১ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। ৮৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য জমা রয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন রুবায়েত বিন করিম জানান, করোনা সংক্রমণ ঠেকাতে জেলার তিন উপজেলার আটটি এলাকায় গত বৃহস্পতিবার থেকে লকডাউন দেওয়া হয়েছে। ঈদের সময় বিভিন্ন জেলা থেকে অনেক লোক বাড়ি এসে অবাধে চলাফেরা করেছেন। এতে সংক্রমণ বেড়েছে।