ফেনীতে চিকিৎসকসহ আরও চারজনের করোনা শনাক্ত

ফেনীতে একজন চিকিৎসকসহ নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ সোমবার বিকেলে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার থেকে ফেনীর সিভিল সার্জনের কাছে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন রুবাইয়াত বিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তিদের একজন চিকিৎসক (এমও)। তিনি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে। তাঁদের একজন গণমাধ্যমকর্মী ও তাঁর শিশুপুত্র (৪)। ১৩ মে রাজধানীর কুতুবখালীর বাসায় ওই গণমাধ্যমকর্মীর মা মারা যান। মৃত্যুর পর ঢাকায় তাঁর মায়ের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর ওই গণমাধ্যমকর্মী ফেনীতে এলে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। অপর আক্রান্ত ব্যক্তির বাড়ি দাগনভূঞা উপজেলার মাতভূঞা ইউনিয়নে। তিনি কদিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফেনী সদর উপজেলায় ২২ জন, পরশুরামে ৬ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১০ জন, সোনাগাজী উপজেলায় ৭ জন ও ফুলগাজী উপজেলায় ৪ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে মিরসরাই, কুমিল্লার চৌদ্দগ্রাম ও নোয়াখালীর সেনবাগের তিন বাসিন্দা অসুস্থ হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছেন।
জেলায় সোমবার পর্যন্ত ১ হাজার ৩০ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সোমবার পর্যন্ত ৯০৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে।