ফেনীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার রামপুর রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে মহীপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ভ্যান চুরি করে নেওয়ার সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকের ধাক্কায় ওই যুবক মারা গেছেন। ফিঙ্গারপ্রিন্ট নিয়েও নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ভ্যানের মালিকের নাম জানা যায়নি।