ফেনীতে ট্রেনের ধাক্কায় তরুণী নিহত
ফেনীতে ট্রেনের ধাক্কায় তরুণী নিহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১১টায় ফেনীর দেওয়ানগঞ্জ রেলগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম শারমিন আক্তার (১৮)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া গ্রামের আবদুল কুদ্দুছের মেয়ে। তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের ফেনী ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেওয়ানগঞ্জ রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় ওই তরুণী নিহত হয়েছেন। তিনি কীভাবে ও কী উদ্দেশ্যে সেখানে গেলেন, তা জানা যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে রেল পুলিশের ফেনী ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় লাকসাম জিআইপি থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
নিহত তরুণীর স্বজন মো. আবদুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার প্রকাশিত এসএসসির ফলাফলে শারমিন উত্তীর্ণ হন। তিনি বর্তমানে কলেজে ভর্তি-ইচ্ছুক ছিলেন। সম্প্রতি পরিবারের কাউকে না জানিয়ে পাশের গ্রামের এক যুবককে বিয়ে করেছিলেন তিনি।